বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

লোহাগাছিয়ায় বসছে সাধুর বাজার; ৩০ জানুয়ারি থেকে গাজীপুরে বিশাল লালন মেলা
রাজু হাসান, স্টাফ রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

Views: 27

 ‘সত্য বল সু-পথে চল ওরে আমার মন’—এই শাশ্বত আত্মদর্শনের বাণীকে ধারণ করে গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব ও মেলা। মহাসাধক লালন সাঁইজির মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দিতে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৬ গাজীপুরের লোহাগাছিয়া এলাকায় অবস্থিত ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি ‘সাধুর বাজারে’ এই উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই লালন স্মরণোৎসবটি এ বছর গৌরবের ১৪ বছরে পদার্পণ করল।

লালন সাঁইজি ধর্ম, বর্ণ ও জাতিভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে জানার যে সাধনা শিখিয়েছেন, তারই ধারাবাহিকতায় ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি দীর্ঘদিন ধরে লালনপন্থি সাধকদের এক গুরুত্বপূর্ণ সাধনাক্ষেত্র হিসেবে সমাদৃত। এবারের উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-বাউল, লালনভক্ত ও সংস্কৃতিপ্রেমী মানুষ এই পবিত্র প্রাঙ্গণে একত্রিত হবেন। উৎসবের মূল আকর্ষণ হিসেবে লালনসংগীত পরিবেশন করবেন সুমি লালন ব্যান্ড, শিমুল হাসান, রিঙ্কু, এলিজা পুতুল, সাইদুল ইসলাম সজল এবং ঐক্যজিৎসহ দেশবরেণ্য আরও অনেক গুণী শিল্পী। তাঁদের কণ্ঠে লালনের মরমী গানগুলো শ্রোতাদের মাঝে আত্মঅনুসন্ধান ও মানবমুক্তির বার্তা বয়ে আনবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মরণোৎসব কেবল কোনো বিনোদনমুখী অনুষ্ঠান নয়, বরং এটি লালন সাঁইজির আদর্শে প্রকৃত মানুষ গড়ার এক নিরন্তর সাধনা। ফকির খালেক সাঁইজির আখড়াবাড়িকে কেন্দ্র করে লালন দর্শনের এই ধারা আগামী দিনেও মানবিক ও আধ্যাত্মিক চেতনার আলো ছড়িয়ে দেবে—এমনটাই প্রত্যাশা করছেন ভক্ত ও দর্শনার্থীরা। উৎসব ঘিরে লোহাগাছিয়া এলাকায় এখন সাজ সাজ রব এবং সাধুদের আগমনে মুখরিত হয়ে উঠেছে আখড়া প্রাঙ্গণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update