Views: 40
যশোর-১ (শার্শা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে ১০২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনি বিজয়ী ঘোষিত হন। মাওলানা আজিজুর রহমান তাঁর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যমতে, শার্শা উপজেলার এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৫ হাজার ৮০৭ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৫৫ হাজার ৮২৩ জন; এছাড়াও হিজড়া ভোটার ছিলেন ৩ জন। ১০২টি কেন্দ্রের ৫৭৭টি ভোটকক্ষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়, যেখানে ১ হাজার ৮৩৩ জন কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করেন। ফলাফল ঘোষণার পর এলাকায় জামায়াত কর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে জনগণের রায় মেনে নিয়ে এলাকা শান্ত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ।