টেকনাফে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টা: র্যাব-১৫ কর্তৃক আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ১০ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামী হাবিবুর রহমান (৫৩)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। একই অভিযানে ভিকটিম শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল ১ জুন (সোমবার) দুপুর আড়াইটার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, ১ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী সাকিনের মাহমুদ আলী ফকিরের বাড়ির সামনের রাস্তায় ১০ বছর বয়সী ওই শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় হাবিবুর রহমান।
ঘটনার সময় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি নিয়মিত টহল দল হ্নীলা বাজার এলাকায় ডিউটি করছিল। স্থানীয় জনগণের মাধ্যমে তারা জানতে পারেন যে, রঙ্গীখালী এলাকায় শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় উত্তেজিত জনতা এক ব্যক্তিকে আটকে গণপিটুনি দিচ্ছে। সংবাদ পাওয়ার সাথে সাথেই র্যাবের চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা উত্তেজিত জনতাকে শান্ত করে আসামীকে নিজেদের হেফাজতে নেয় এবং ভিকটিম শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হাবিবুর রহমান (৫৩) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির দরগাপাড়া (০৫ নম্বর ওয়ার্ড) গ্রামের শফিকুর রহমানের ছেলে। সে বর্তমানে একই ইউনিয়নের উলুচামারী আশ্রয়কেন্দ্রের (০৬ নম্বর ওয়ার্ড) বাসিন্দা।
ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ন্যাক্কারজনক ও আমলযোগ্য অপরাধের প্রেক্ষিতে আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের এই ধরণের কঠোর ও জোরালো অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





