আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: উখিয়ায় উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
আগামী ২৮ জুন ২০২৬ইং তারিখ দেশব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উদযাপন উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলায় এক বিশেষ এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন ২০২৬ইং তারিখ (বৃহস্পতিবার) দুপুর ০২.৩০ টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৮ জুনের ক্যাম্পেইন শতভাগ সফল করতে এবং উপজেলার কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন:”শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অপরিহার্য ভূমিকা পালন করে। আগামী ২৮ জুনের ক্যাম্পেইন সফল করতে উপজেলার সকল ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক মাইকিং এবং প্রচারণা চালাতে হবে। কোনো শিশু যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার। তিনি ক্যাম্পেইনের টেকনিক্যাল সেশন ও প্রস্তুতির বিবরণ তুলে ধরে বলেন, স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই মাঠ পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্ধারিত দিনে লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি এই কার্যক্রমে অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উক্ত এডভোকেসী সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)। মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), কনসালটেন্টবৃন্দ এবং অন্যান্য মেডিকেল অফিসারগণ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অফিসার ইনচার্জ (উখিয়া থানার প্রতিনিধি) সাংবাদিক প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দ। স্যানিটারী ইন্সপেক্টর, পরিসংখ্যানবিদ এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)। স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
সভায় উপস্থিত প্রতিনিধিরা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার এবং ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা জোরদার করার আশ্বাস ব্যক্ত করেন।








