উখিয়ার পালংখালীতে বন্যাকবলিত মানুষের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধি: ত্রাণ ও নগদ অর্থ বিতরণ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ঘরবন্দী ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে পালংখালী ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার এবং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। পরিদর্শন শেষে তারা পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
বন্যা পরিস্থিতির কারণে ঘরবাড়ি ছেড়ে থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া ৫০টি পরিবারের মাঝে সন্ধ্যায় বিশেষ সহায়তা প্রদান করা হয়।
আশ্রয়কেন্দ্রের ৫০টি পরিবারের মধ্যে ২০টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়। অবশিষ্ট ৩০টি পরিবারকে মানবিক দিক বিবেচনা করে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ ও পর্যটন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।
ত্রাণ বিতরণ শেষে পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন: “দুর্যোগের এই কঠিন সময়ে আশ্রয় নেওয়া প্রতিটি মানুষের খাদ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি বরাদ্দের পাশাপাশি বন্যাকবলিত কোনো পরিবার যেন সাহায্য থেকে বঞ্চিত না হয়, সেজন্য আমরা ব্যক্তিগত তহবিল থেকেও সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।”
উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পালংখালীর বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্রে থাকা প্রতিটি মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে এবং পুনর্বাসন নিশ্চিত করতে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।






