উখিয়ায় র্যাব-১৫ এর অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শনিবার (২৫ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮:২০ ঘটিকায় উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৫ (ব্লক- ই জি/২) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম নুরুল আমিন (৩৫)। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৫ (ব্লক- ই জি/২, এফসিএন নং- ২৭৫৩০২) এর বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুতুপালং এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত ফেরারি আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সংশ্লিষ্ট মাদক মামলায় বিজ্ঞ আদালত আসামিকে ৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেছিলেন। রায় ঘোষণার পর থেকেই সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






