সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মধ্যযুগীয় কায়দায় কথিত এক চোরকে গাছে বেঁধে পাশবিক নির্যাতন করা হয়েছে। গোপণে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার পরপরই ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়েছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামতৈল কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, ছাগল চুরি সন্দেহে কথিত এক চোরকে প্রশাসনের কাছে সোপর্দ না করে রশি দিয়ে তার হাত ও পা বেঁধে তার হাতের নখগুলো প্লাস দিয়ে ভেঙে ফেলেছে স্থানীয় মাছের পোনা উৎপাদনকারী ও ব্যবসায়ী হ্যাপি। এসময় কথিত অজ্ঞাত ওই চোর ব্যাপক চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তবুও তার উপর চলতে থাকে নির্যাতন।
ভিডিও ক্লিপে আরো দেখা যায়, নির্যাতনকারী হ্যাপি ওই কথিত ওই চোরকে মারার সাথে সাথে বলেন, “ওর আঙ্গুল দুইটা ভাঙছি ও অন্য চোরদের নাম না বলা পর্যন্ত ওর আঙ্গুল সবগুলো ভাঙব। তার আগে ছাড়বো না। আমি ওকে মেরে ফেলবো না, ওর হাত-পা ভাঙব, তারপর ছেড়ে দেব।”
এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে ছাগল চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করেন হ্যাপি ও তার ছেলে। বারবার নিষেধ করা সত্ত্বেও কারও কথা মানেননি হ্যাপি ও তার ছেলে। স্থানীয়রা কথিত ওই চোরকে না মেরে পুলিশে সোপর্দ করার কথা বললেও ওই ব্যক্তিকে মারধর করেন হ্যাপি ও তার ছেলে।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নির্যাতিত ভিকটিম ও নির্যাতনকারী কাউকে পাওয়া যায়নি। তারপরও আমরা বিষয়টি দেখছি কি করা যায়।