Views: 0
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় চিকিৎসা ব্যবস্থার অবহেলায় পাইলস অপারেশন রোগী আলহাজ্ব (৩০) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে নওগাঁয় সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত আলহাজ্ব জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বাঁশপুর গ্রামের গোলজার রহমানের ছেলে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১ টা ৪৫ মিনিটে সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সার্জারি বিভাগে ভর্তি হন প্রতিবন্ধী আলহাজ। পরদিন সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জন ডা. মুক্তার হোসেন পাইলসের অপারেশন করেন। এরপর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সার্জারি বিভাগের ১৫ নম্বর বেডে তাকে রাখা হয়। তবে অপারেশনের পর থেকে রোগীর রক্ত বন্ধ হচ্ছিল না বলে জানা গেছে। রক্ত বন্ধ না হওয়ায় এক সময় রক্ত শূন্যতায় সোমবার সকাল ৭টার দিকে প্রতিবন্ধী আলহাজ্ব মারা যান। রক্তশূন্য হয়ে মারা যাওয়ার ঘটনায় চিকিৎসা ব্যবস্থার অবহেলায় বলে মনে করছেন সচেতনরা।
ডা. মুক্তার হোসেন বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনাদের কোনো কিছু জানান থাকলে সদর হাসপাতালের তত্বাবধায়কের সাথে যোগাযোগ করেন।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মৌমিতা জলিল জুলি বলেন, রোগীদের অপারেশনের পূর্বে তার স্বজনদের নিকট থেকে বন্ড স্বাক্ষর নেয়া হয়। অপারেশনের সময় কোন ধরনের অঘটন ঘটলে ডাক্তার বা সেবিকা কোন ভাবেই দায়ী না। তারপরও রোগী কিভাবে মারা গেছে সে বিষয়ে আলোচনা করে দেখবো।
এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: সাইদুর রহমান বলেন, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। মৃত্যু ব্যাপারে তো মানুষের হাত নাই। অপারেশনের পূর্বে রোগীর স্বজনদের নিকট থেকে স্বাক্ষর নেয়া হয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।