আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুরের চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুরিবের গ্ৰামের হাফিজুর রহমানের ৭ বছরের শিশু নুরনবীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা। এবিষয়ে থানায় কোন ডায়রি হয়নি বলে নিশ্চিত করেছে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মৃত নুরনবীর বাবা এবং মা ঢাকাস্থ গার্মেন্টসে কর্মরত বিধায় নুরনবী নানার বাড়িতে লালিত পালিত হচ্ছিল। মৃতের নানা রুহুল আমিন এবং কলেজ প্রহরী বদিউজ্জামান (৫০) জানায়, গত ৭ জুন দুপুর ৩ টায় নাটুয়ারপাড়া ডিগ্ৰি কলেজের টিনশেড ঘরের বারান্দার চালা থেকে মৃতবস্থায় নুরনবীর লাশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।
নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী ইমান আলী জানান, লাশের গায়ে একাধিক ক্ষত ছিল।
নাটুয়ারপাড়া ডিগ্ৰি কলেজ অধ্যক্ষ তোজাম্মেল হক বকুল বলেন, বিষয়টি আমি জেনেছি, এটা নিছক দুর্ঘটনা, সম্ভবত ছেলেটি শুকনা পাতা কুরাতে চালায় উঠতে পারে। এবিষয়ে প্রয়োজন মনে করিনি বলে থানায় জানান হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগ তুলে জানায়, কলেজের নিরাপত্তা বেষ্টনী নেই, শিশুটির মৃত্যু রহস্যজনক হওয়া সত্ত্বেও কলেজের ৫০ গজ দুরত্বে স্থাপিত পুলিশ ফাঁড়িতে জানান হয়নি, অধ্যক্ষ প্রভাবশালী বিধায় বিষয়টি ধামাচাপা পড়ছে। এসময় নুরনবীর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, এবিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।