কাজিপুরের মেঘাই বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক উদ্ধারকৃত জায়গা আবার দখল করে দোকান ঘর তোলার হিড়িক পড়েছে। এতে করে সড়ক উন্নয়ন কাজ বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি সিরাজগঞ্জ-কাজিপুর-শেরপুর আঞ্চলিক সড়কের সম্প্রসারণ কাজের অংশহিসেবে সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ সিরাজগঞ্জ। এতে কাজিপুর উপজেলা সিমানায় কয়েক হাজার অবৈধ দখলদার উচ্ছেদ হয়। সড়ক উন্নয়ন কাজ শেষ না হতেই চিহ্নিত দখলদারদের দৌরাত্ম্যে আবার সরকারি জায়গায় ঘর তোলা শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থাহীনতায় ভোগার আশংকা দেখছেন সচেতন মহল।
সোমবার ৫ জুলাই সরেজমিনে একাধিক প্রমাণ মেলে। সুবিধাভোগী দখলদার মেঘাই গ্ৰামের মুকুল জানায়, সরকারি জায়গায় আগেও ঘর ছিল, ভেঙ্গে দিয়েছিল, আবার তুললাম।
মেঘাই নতুন বাজারে সরকারি জায়গা দখলে নিয়ে তেলপাম্প স্থাপনকারী দখলদার আব্দুল আওয়াল জানায়, লীজ গ্ৰহনের প্রক্রিয়া চলছে।
মেঘাই সমবায় সুপার মার্কেট কমিটির সভাপতি ইদ্রীস আলী ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, দখলদাররা প্রভাব খাটিয়ে অনৈতিক কর্মকাণ্ড করছে। জনমনে এর বিরুপ প্রতিক্রিয়া পড়ছে।
সড়ক ও জনপথ বিভাগ সিরাজগঞ্জের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে শিঘ্রই ব্যবস্থা নেয়া হবে।