Views: 1
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভীর উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে করোনা প্রতিরোধক উদ্বোধন করা হয়েছে। এই সব বুথ থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নেওয়া যাবে।
বুথে আছে ব্যবহৃত মাস্ক ফেলার জায়গাও। বুথগুলো ২৪ঘন্টাই খোলা থাকবে।
বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধনের সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সহ-সভাপতি তুহিন মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন ও তন্ময় সরকার, সাংগঠনিক সম্পাদক স্পন্দন চৌধুরী ও দিপক কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা শহরের গোস্তহাটির মোড় ও তাজের মোড়ে আরও দুটি বুথের উদ্বোধন করেন।
বুথ উদ্বোধনকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল বলেন, ‘করোনা থেকে সুরক্ষার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নওগাঁ আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। ছাত্রলীগও অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। ছাত্রলীগের করোনা প্রতিরোধ বুথ স্থাপনের ব্যতিক্রমী এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ঐতিহ্য।’
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী বলেন, ‘সাংগঠনিক কর্মকান্ড ছাড়াও নওগাঁ ছাত্রলীগ বরাবরই বিভিন্ন ধরণের সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে। গত বছর সারাদেশে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্রলীগ করোনা প্রতিরোধ ও করোনায় অসহায় কর্মহীন মানুষকে সহায়তায় কাজ করে আসছে। করোনা বুথ স্থাপনও আমাদের আরেকটি সেবামূলক কর্মকান্ড। আপাতত শহরের তিনটি স্থানে বুথ স্থাপন করা হলো। পর্যায়ক্রমে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরণের বুথ স্থাপন করা হবে। বুথগুলোর হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক শেষ হয়ে গেলে সেগুলোতে নতুন করে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হবে।