Views: 0
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর হাসপাতালে ভারতফেরত আবু হেনা (৪২) নামে এক ব্যক্তিকে নিয়মবর্হিভূত ছাড়পত্র (রিলিজ) দেওয়ায় হাসপাতালের সহকারী সার্জন ডা. গোলাম রাব্বানীকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) জরুরি সভায় তাকে শোকজ করা হয়। আবু হেনা নওগাঁ শহরের প্রাণকেন্দ্র চকদেবপাড়া মহল্লার হুমায়ন কবিরের ছেলে। গত রোববার (২মে) তাকে নওগাঁ সদর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাঈদুল হক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল ভারতে চিকিৎসার জন্য যান আবু হেনা। সেখানে ওপেনহার্ট সার্জারি করে ২৭ এপ্রিল দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসোলেশনে ছিলেন। ৩০ এপ্রিল তিনি সকাল ৭টা ২০ মিনিটে নওগাঁ সদর হাসপাতালে করোনার নমুনা দেন। সেখানে অ্যান্টিজেন ও পিসিআর দুই পদ্ধতিতে করোনা টেস্টের জন্য নমুনা দেন। অ্যান্টিজন পদ্ধতিতে তাৎক্ষণিক রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে। আর পিসিআর টেস্টের জন্য রিপোর্ট রাজশাহীতে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (২মে) সন্ধ্যায় আবু হেনাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন হাসপাতালের সহকারী সার্জন ডা. গোলাম রাব্বানী।
এ ব্যাপরে আবু হেনা বলেন, অ্যান্টিজেন পদ্ধতিতে রিপোর্টে নেগেটিভ আসা এবং শারীরিক অসুস্থতা না থাকায় জেলা প্রশাসক, সিভিল সার্জন ও সদর উপজেলা নির্বাহীসহ অনেককে অনুরোধ করে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় আসি। এরপর থেকে সরকারি নিয়ম মেনে বাসাতেই কোয়ারেন্টাইনে আছি। বর্তমানে আমার কোন শারীরিক সমস্য নেই। পরিবারের সবাই ভালো আছেন।
এ ব্যাপারে শোকজ হওয়া হাসপাতালের সহকারী সার্জন ডা. গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাঈদুল হক বলেন, অ্যান্টিজেন পদ্ধতিতে রিপোর্টে নেগেটিভ এলেও পিসিআর পদ্ধতিতে সোমবার (৩ মে) আবু হেনার করোনার পজেটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন হয়ে আবু হেনার খোঁজ নিতে গিয়ে দেখি তিনি হাসপাতালে নেই। সরকারি নিয়ম না মেনে নিয়মবর্হিভূত ছাড়পত্র দেওয়ায় জরুরি সভায় তাকে শোকজ করা হয়।
নওগাঁ সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, বিষয়টি আবু হেনা কাউকে না জানিয়ে ছাড়পত্র নিয়ে বাসায় গেছেন। তার করোনা পজিটিভ আসার ঘটনাটি জানতে পেরে আমরা তার বাড়ি যায়। তাকে হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার অনুরোধ করলেও ফিরিয়ে আসা সম্ভব হয়নি। তিনি বাসাতেই কোয়ারেন্টাইনে থাকবেন বলে কথা দিয়েছেন।