Views: 0
প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। দুদকের ব্রিফিংয়ে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে মায়া ১ কোটি ৮২ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন করেছেন।
একই সঙ্গে, তার ১৬টি ব্যাংক হিসাবে ২৫৫ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ থাকায় তার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও, সাবেক মন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে ৮ কোটি ৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।
পারভীন আক্তারের ৩৬টি ব্যাংক একাউন্টে ১১১ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এই মামলায় পারভীন আক্তার এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উভয়কেই আসামি করা হবে।
এদিকে, রেলের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে সাবেক ডিজি শামসুজ্জামানসহ মোট ৬ জনের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে দুদক। দুদকের এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।