‘নির্ভয়ে আসুন, ভোট কারো দখলে থাকবে না’ – শারমিন আক্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
‘নির্ভয়ে আসুন, ভোট কারো দখলে থাকবে না’ – শারমিন আক্তার
৪৫

গাজীপুর-৩ আসনে নারীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের সহধর্মিণী শারমিন আক্তার। তিনি বলেন, “নির্ভয়ে আসুন, ভোট কারো দখলে থাকবে না। সময় বদলেছে। এবারের নির্বাচনে কেউ ভোটে প্রভাব বিস্তার করতে পারবে না। আগের মতো একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ থাকবে না।”
সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন শারমিন আক্তার। এ সময় তিনি নারী ভোটারদের উদ্দেশে বলেন, নারীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে ভোটকেন্দ্রে এক ধরনের জাগরণ তৈরি করতে হবে। পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক রফিকুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
পেশায় স্কুলশিক্ষক শারমিন আক্তার স্বামীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকগুলোতে তিনি সরাসরি নারী ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের মতামত শোনেন।
এর আগের দিন রোববারও তিনি রাজাবাড়ী ও প্রহলাদপুর এলাকায় তৃণমূল পর্যায়ে গণসংযোগ করেন। এ সময় বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি এবং পরিবারভিত্তিক বিভিন্ন সহায়তার বিষয় তুলে ধরেন।
বনখড়িয়া এলাকার একটি উঠান বৈঠকে অংশ নেওয়া ষাটোর্ধ নারী রহিমা খাতুন বলেন, “একজন প্রার্থীর সহধর্মিণী আমাদের মধ্যে উপস্থিত হওয়ায় আমরা আমাদের প্রত্যাশার কথা তুলে ধরতে পেরেছি। তিনি আশ্বাস দিয়েছেন, জয়ী হলে আমাদের ভুলে যাবেন না এবং খোঁজখবর রাখবেন।”
গণসংযোগকালে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক নারী তাঁদের দৈনন্দিন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় শারমিন আক্তার নারীদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভোটের দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নারী নেত্রীরাও উপস্থিত ছিলেন।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...