উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গু/লি, যুবক আহত
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীদের গুলিতে হাসমত উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবক গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেল তিনটার দিকে বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
আহত হাসমত উল্লাহ ওই ক্যাম্পের বি-৪৩ ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি কুতুপালং এমএসএফ (MSF) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বালুখালী ক্যাম্প-০৮ ইস্ট এলাকায় আরসা (ARA) প্রধান নবী হোসেনের ভাই ভুলুর বসতঘরের সামনে অবস্থান করছিলেন হাসমত উল্লাহ। এসময় হঠাৎ একদল অজ্ঞাত সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে হাসমত উল্লাহর ডান হাতে দুটি গুলি লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই স্থানীয় বাসিন্দা ও এপিবিএন পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। প্রথমে তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় এক যুবক আহত হয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।”
ক্যাম্প এলাকায় বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।





