গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দীরাও দেখতে পারবে বিশ্বকাপ
সারা বিশ্বের মতো বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও। ফুটবলপ্রেমী বন্দিদের জন্য গাজীপুরের কাশিমপুর কারাগারে বিশ্বকাপের সব গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার ব্যবস্থা করছে কারা কর্তৃপক্ষ।
কারা সূত্র জানায়, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত টেলিভিশনের মাধ্যমে বন্দিরা এবারের বিশ্বকাপের সব ম্যাচগুলো উপভোগ করতে পারবেন অতি সহজেই। প্রয়োজন হলে প্রজেক্টরের মাধ্যমেও খেলা দেখানোর ব্যবস্থা করা হবে বলেও জানায় কারা কর্তৃপক্ষ।
কারা কর্মকর্তারা জানান, বন্দিদের বিনোদন ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হয়। এবারের বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগও তারই অংশ। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. জাকির হোসেন বলেন, ‘কারাগারে বিশ্বকাপ খেলা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের কিছু সংকট রয়েছে। তাই প্রয়োজন হলে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।
কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বলেন, ‘আমাদের কারাগারে প্রায় সাড়ে তিন হাজার বন্দি রয়েছে। তাদের মধ্যে যারা খেলা দেখতে আগ্রহী, তারা খেলা দেখতে পারবেন। প্রায় ৯৫ শতাংশ সেলে টেলিভিশন রয়েছে। তার মধ্যে সবগুলোতেই বিশ্বকাপ খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।’
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘কারাগারে থাকা বন্দিরাও এবারের বিশ্বকাপ ফুটবল উপভোগ করবেন। এ বিষয়ে জেলা কারাগার ও কাশিমপুর কারাগারে খোঁজ নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট থাকলে তা সমাধানের নির্দেশনাও দেওয়া হয়েছে বলেও জানান তিনি।








