Views: 0
লক্ষ্মীপুর, ২৫ নভেম্বর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাহারপাড়া এলাকায় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় শাহারপাড়া মাইজের বাড়ির সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের মাইজের বাড়ির প্রবাস ফেরত যুবক ইউছুপ হোসেন হঠাৎ এসে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ছুরি দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখন পর্যন্ত পুরোপুরি অজানা। এলাকাবাসীর তথ্যমতে, প্রবাস ফেরত ইউছুপ হোসেনের সাথে নিহত ব্যবসায়ী আনোয়ার হোসেনের রাজনৈতিক, ব্যবসায়িক কিংবা জায়গা-সম্পত্তি নিয়ে কখনো কোনো দ্বন্দ্ব ছিল না। আকস্মিক এই হামলার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।