Views: 1
গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মজিবুর রহমানকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক এবং নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান হাসিনুর রহমান মিলন এই নোটিশ জারি করেন। অভিযোগ অনুযায়ী, মজিবুর রহমান নির্বাচনি আইন তোয়াক্কা না করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে প্রকাশ্যে তার দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। গত ৮ জানুয়ারি পূর্ব চাঁদপুর বারেক ভান্ডারীর ওরস মাহফিল, ৯ জানুয়ারি একটি নারী সংগঠনের ক্রীড়া প্রতিযোগিতা এবং ১০ জানুয়ারি কম্পাস ফাউন্ডেশনের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্বাচনি প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রচারণার এসব দৃশ্য প্রার্থীর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার এবং নিয়মিত নির্বাচনি কনটেন্ট আপলোড করার বিষয়টিও তদন্ত কমিটির নজরে এসেছে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, কোনো ধর্মীয় উপাসনালয় বা সামাজিক অনুষ্ঠানকে রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধি ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মো. মজিবুর রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।