বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিশ্বকাপ শুরুর আগেই মহাসংকটে আইসিসি; ভারত-বিসিসিআইয়ের দাদাগিরি নিয়ে বিস্ফোরক নাসের হুসেইন
ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ টিভি: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 7

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর মাত্র কয়েক দিন আগে বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে নজিরবিহীন অস্থিরতা। একদিকে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার, অন্যদিকে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে পুরো আয়োজন। এই পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রশ্নবিদ্ধ ভূমিকার কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক নাসের হুসেইন। স্কাই স্পোর্টসের এক পডকাস্টে তিনি অভিযোগ করেন, আইসিসি কেবল প্রভাবশালী বোর্ডগুলোর, বিশেষ করে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে, যা বিশ্ব ক্রিকেটের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে।

এই সংকটের মূলে রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কর্তৃক বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে হঠাৎ বাদ দেওয়ার ঘটনা। এর প্রতিবাদে বাংলাদেশ দল ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় এবং টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। এর পরপরই পাকিস্তান ঘোষণা দেয়, তারা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। নাসের হুসেইন প্রশ্ন তোলেন, আইসিসি যদি বাংলাদেশের ক্ষেত্রে কঠোর হতে পারে, তবে ভারত সরকারি নির্দেশ বা নিরাপত্তার দোহাই দিয়ে বিদেশ সফরে যেতে অস্বীকৃতি জানালে কি একই অবস্থান নিত?

বাংলাদেশের দৃঢ় অবস্থানের প্রশংসা করে নাসের হুসেইন বলেন, “আমি সত্যিই পছন্দ করেছি যে বাংলাদেশ তাদের খেলোয়াড়দের সম্মানে পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানও যেভাবে তাদের সমর্থনে এগিয়ে এসেছে, তা প্রশংসনীয়। কাউকে না কাউকে তো বলতে হবে যে রাজনীতি যথেষ্ট হয়েছে, এবার ক্রিকেট খেলতে দিন।” তিনি সতর্ক করে বলেন, যদি পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর ওপর নিয়মিত রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়, তবে ক্রিকেটের ভবিষ্যৎই হুমকির মুখে পড়বে। তবে এত বাধার মাঝেও মাঠের লড়াইয়ে পাকিস্তানের ধারাবাহিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এই ক্রিকেট বিশেষজ্ঞ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update