Views: 6
পার্বত্য জেলা বান্দরবানের অত্যন্ত দুর্গম এলাকা রুমায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ৪ নং গালেংঙ্গ্যা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে নারী ও পুরুষ ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করেন। স্থানীয় ভোটাররা জানান, বিগত সময়ের তুলনায় এবারের নির্বাচনের পরিবেশ ছিল অত্যন্ত স্বচ্ছ এবং নিরাপদ। কোনো ধরনের বাধা ছাড়াই ভোট দিতে পেরে তাঁরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি বজায় রাখেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভবতোষ চক্রবর্তী জানান, ৪ নং গালেংঙ্গ্যা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১,৭৯০ জন ভোটারের মধ্যে দিনভর ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, সংসদ সদস্য পদের দৌড়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিংপ্রু। তিনি পেয়েছেন ৭১৯টি ভোট। অন্যদিকে লাঙ্গল প্রতীক পেয়েছে ৪টি, শাপলা কলি ৩টি এবং হাতপাখা প্রতীক পেয়েছে ৩টি ভোট।
একই সাথে অনুষ্ঠিত গণভোটে দেখা গেছে ভিন্ন চিত্র। এখানে মোট ৫৪টি ‘হ্যাঁ’ ভোটের বিপরীতে ‘না’ ভোট পড়েছে ৬০০টি। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ধানের শীষের প্রার্থীর জয় নিশ্চিত হওয়ায় পুরো এলাকায় আনন্দের জোয়ার বয়ে যায়। দুর্গম এই জনপদে শান্তিপূর্ণ উপায়ে জনমতের প্রতিফলন ঘটায় সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।