Views: 0
দেশের উচ্চশিক্ষার ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৩ বছরের দীর্ঘ পথপরিক্রমা সফলভাবে সম্পন্ন করে প্রতিষ্ঠানটি আজ ৩৫ বছরে পদার্পণ করেছে।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সবুজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই গৌরবোজ্জ্বল দিনটি উদযাপন করা হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।
এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিনটি স্মরণীয় করে রাখতে শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্তকরণ এবং বর্ণাঢ্য কেক কাটার আয়োজন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন দক্ষ স্নাতক তৈরি’র লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে এই বিদ্যাপীঠ। বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে দেশি-বিদেশি হাজার হাজার শিক্ষার্থী এখানে শিক্ষাগ্রহণ করছেন। ৩৫ বছরের এই দীর্ঘ যাত্রায় আইইউবিএটি কেবল দক্ষ মানবসম্পদ সৃষ্টিতেই নয়, বরং গবেষণা ও সামাজিক দায়বদ্ধতা পালনেও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আরও আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রসারে নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেছেন।