Views: 1
বগুড়ার ধুনট উপজেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের গোসাইবাড়ী ইউনিয়ন শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন কমিটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নবগঠিত এই কমিটিতে লিখন সরকারকে সভাপতি এবং রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান। গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ মুরাদ হোসেন এবং সাধারণ সম্পাদক রিপন মিয়া। এছাড়াও সভায় ইউনিয়ন বিএনপি, কৃষক দল ও শ্রমিক দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণার পর নবগঠিত নেতৃবৃন্দ ধুনট উপজেলায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।