সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ধুনট থানায় দালালদের প্রবেশ নিষিদ্ধ: সেবাপ্রার্থীদের ভোগান্তি লাঘবে ওসির কঠোর হুঁশিয়ারি
নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

Views: 1

বগুড়ার ধুনট থানাকে সম্পূর্ণভাবে দালালমুক্ত করার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই থানায় বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে সকল প্রকার দালালদের আনাগোনা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ সময় তিনি থানার সকল অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দালালদের সাথে যোগসাজশ বা কোনো অনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবাগত ওসির এই বলিষ্ঠ পদক্ষেপে ধুনট থানায় আসা সাধারণ সেবাপ্রার্থীদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা আতঙ্ক দূর হয়ে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগীদের মতে, এর আগে গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল মানুষগুলো একশ্রেণির দালালের খপ্পরে পড়ে অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। থানায় আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, আগে দালাল ছাড়া থানায় কথা বলাও কঠিন ছিল, কিন্তু এখন তাঁরা সরাসরি ওসির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান পাচ্ছেন। বিনা পয়সায় আইনি সেবা পাওয়ায় এবং ওসির আন্তরিক ব্যবহারে সাধারণ মানুষ এখন পুলিশের প্রতি আস্থা ফিরে পাচ্ছেন।

থানা এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আগে প্রতিদিন থানায় অনেক অপ্রয়োজনীয় লোক ও দালালের ভিড় দেখা যেত, যা বর্তমানে শূন্যের কোঠায় নেমে এসেছে। দালালমুক্ত পরিবেশ নিশ্চিত হওয়ায় মানুষ এখন কোনো মধ্যস্থতাকারী ছাড়াই থানায় অভিযোগ দায়ের বা আইনি পরামর্শ নিতে পারছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে যেন কোনো অসৎ কর্মকর্তা বা দালালের কারণে সাধারণ মানুষ মিথ্যা মামলা বা আর্থিক ক্ষতির মুখে না পড়েন। নবাগত ওসির এই স্বচ্ছ ও জনবান্ধব কার্যক্রম ধুনট উপজেলাজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update