Views: 1
নিউজ ডেক্সঃ
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা গতকাল (রবিবার) টিকা নিয়েছি। সুস্থ আছি, ভাল আছি। ব্যথা বা জ্বর হয়নি। এখনও কোনো সমস্যা হয়নি। আজ (সোমবার) বিচার কাজ পরিচালনা করছি।
সোমবার আপিল বিভাগে পৃথক পৃথকভাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মামলা পরিচালনার সময় বর্তমান অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন ও বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে উদ্দেশ্য করে এ আহ্বান জানান প্রধান বিচারপতি।
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে উদ্দেশ্য করে বলেন, আপনিতো রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আপনারতো প্রথম দিনই নেওয়া উচিত ছিল।
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, একা নিলেতো হবে না। স্ত্রীকেওতো নিতে হবে। একা নিলে গতকালই নিতে পারতাম। তাই স্বস্ত্রীক আগামীকাল (মঙ্গলবার) নিবো।
পরে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন ও বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকেও টিকা নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। ব্যারিস্টার খোকন ও কাজলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বারের (আইনজীবী সমিতি) নেতা। আপনারা নিলে অনেকেই নেবে। এসময় ব্যারিস্টার খোকন বলেন, নিজেদের সুরক্ষার জন্যই আমি টিকা নেবো।
প্রধান বিচারপতির এই আহবানের পর গতকালই টিকা নেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন।
এর আগে রবিবার প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের ৫৫ জন বিচারপতি টিকা নেন।