শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

করোনা : ‘জীবনরক্ষাকারী’ প্রথম ওষুধ পাওয়া গেছে
স্টাফ রিপোর্টার / ৪৪৭ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৭ জুন, ২০২০

Views: 1

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন রক্ষায় ডেক্সামেথাসন নামের একটি সস্তা ও সহজলভ্য ওষুধ কাজে আসছে বলে দাবি করছেন যুক্তরাজ্যের গবেষকরা। করোনা প্রতিরোধে স্বল্প মাত্রার এই স্টেরয়েড চিকিৎসা একটা যুগান্তকারী আবিষ্কার বলে মনে করছেন তাঁরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভেন্টিলেটারে থাকা রোগীদের ক্ষেত্রে ডেক্সামেথাসন নামের ওষুধটি ব্যবহার করলে মৃত্যুঝুঁকি এক তৃতীয়াংশ কমে যাবে। এ ছাড়া অক্সিজেন দিয়ে যাদের চিকিৎসা করা হচ্ছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করলে মৃত্যুর হার এক পঞ্চমাংশ হ্রাস পেতে পারে।

গবেষকদের দাবি, ব্রিটেনে করোনা মহামারি শুরু হওয়ার প্রথম দিক থেকেই যদি এই ওষুধ ব্যবহার করা যেত, তাহলে পাঁচ হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো।

গবেষকরা আরো বলেছেন, যেসব দরিদ্র দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি, সেসব দেশে ওষুধটি ব্যবহার করা গেলে তাদের অনেক উপকার হতো। এবং যেসব দেশ রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে এটা তাদের জন্য বিশাল সুখবর।

অক্সফোর্ড বিশ্বিদ্যালয়ের গবেষক দলটি হাসপাতালে থাকা দুই হাজার রোগীর উপর ডেক্সামেথাসন ওষুধটির পরীক্ষা করেছে। অন্য চার হাজারেরও বেশি রোগী, যাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়নি, তাদের সঙ্গে ওষুধটি পাওয়া রোগীদের তুলনা করা হয়।

এতে দেখা গেছে, ভেন্টিলেটরে থাকা রোগীদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহারের ফলে মৃত্যুর হার ৪০ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে গেছে। এ ছাড়া অক্সিজেন নেওয়া রোগীদের ক্ষেত্রে এ ওষুধ ব্যবহারের ফলে মৃত্যুর হার ২৫ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে গেছে।

করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এই ওষুধটিই কেবল মৃত্যুঝুঁকি কমাতে পেরেছে বলে মনে করছে ওই গবেষক দল।

বাংলাদেশ পরিস্থিতি : দেশে আজ মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের মৃত্যু এবং তিন হাজার ৮৬২ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন আক্রান্তসহ এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন। আর মোট মারা গেছেন এক হাজার ২৬২ জন।

করোনায় নতুন যে ৫৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ছয়জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো দুই হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।

বিশ্ব পরিস্থিতি : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে চার লাখ ৩৬ হাজার ৩২২ জন মারা গেছেন বলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া তথ্যে জানা গেছে।

এ ছাড়া, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮০ লাখ ১৫ হাজার ৫০২ জনে। পাশাপাশি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৩৮ লাখেরও বেশি মানুষ।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার পর্যন্ত ২১ লাখ ১৩ হাজার ৩৭২ জন আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ১৬ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update