বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি অটোভ্যানসহ প্রায় ৮০০ অব্যবহৃত বই জব্দ করা হয়।
বুধবার (১৪ মে) বিকেল ৪টায় ধুনট উপজেলায় শহরের কাঁচা বাজার সড়কে একজন পুস্তক ব্যবসায়ীর গুদামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শফিকুল ইসলাম (৩৫) এবং ধুনট অফিসার পাড়ার মইনুল ইসলাম ওরফে মুঞ্জুরুল (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শফিকুল অটোভ্যানে করে ২০২৫ শিক্ষাবর্ষের অব্যবহৃত সরকারি পাঠ্য পুস্তক ব্যবসায়ী মইনুলের কাছে বিক্রির জন্য নিয়ে যায়। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় ৮০০ বই ছিল ওই ভ্যানে। বইগুলো গুদামে নামানোর সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার পুলিশকে খবর দেয়।
পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার ঘটনাস্থল থেকে পাঠ্যবইসহ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেন।
ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটির সত্যতা পাওয়া গিয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করতে বলা হয়েছে।
সরকারি পাঠ্যপুস্তক কালোবাজারে বিক্রয়কালে দুজনকে আটক করা হয়েছে বলে জানান ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম। তিনি বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।