Views: 0
আগামীকাল সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও দু’জনের রায় ঘোষণা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, রায় ঘোষণার সময় দেশে যেন কোনো প্রকার অস্থিতিশীলতা বা সহিংসতা সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনস পরিদর্শন এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে মোটামুটি সন্তোষজনক রয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠ করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণের অংশগ্রহণের ওপর জোর দিয়ে তিনি বলেন, “জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না।
” বরিশালের স্থানীয় নথুল্লাবাদের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে। তবে ভবিষ্যতে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও সচেতন থাকবে বলে তিনি আশ্বাস দেন। রায়কে ঘিরে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার যে সর্বোচ্চ সতর্কাবস্থান নিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য তারই ইঙ্গিত দিচ্ছে।