Views: 0
নতুন বছরের প্রথম প্রভাতেই নতুন বইয়ের মলাটের সুবাস আর শিশুদের আনন্দঘন কোলাহলে মুখরিত হয়ে উঠেছে রুমার দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাঙ্গন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ‘বই বিতরণ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়। বছরের শুরুতেই হাতে ঝকঝকে নতুন পাঠ্যবই পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে সীমাহীন উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কনকনে শীত ও কুয়াশাভেজা আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হতে থাকে। শিক্ষকদের হাত থেকে রঙিন বই গ্রহণ করার মুহূর্তে তাদের চোখে-মুখে ফুটে ওঠে আগামীর স্বপ্ন। শিক্ষার্থীরা জানায়, নতুন বইয়ের গন্ধে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বহুগুণ বেড়ে গেছে এবং তারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে সুনাগরিক হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেওয়ার সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এর ফলে শিশুদের পাঠদানের ধারাবাহিকতা বজায় থাকবে। অভিভাবক চ্যংঙি ম্রো জানান, বছরের শুরুতেই বই পাওয়ায় সন্তানদের পড়াশোনা নিয়ে তাদের দুশ্চিন্তা লাঘব হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেনয়াং ম্রো। তিনি তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, সীমিত জনবল থাকা সত্ত্বেও শিক্ষার মানোন্নয়নে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও সহযোগী ভূমিকা পালনের আহ্বান জানান। সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নতুন বই আর নতুন স্বপ্ন বুকে নিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।