Views: 1
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় বড়ইছড়ি বাজারে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এলাকার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।
কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দিলদার হোসেনের সভাপতিত্বে এবং মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় দীপেন দেওয়ান বলেন, “আগামীতে বিএনপি সরকার গঠন করলে বড়ইছড়ি এলাকাকে একটি আধুনিক ও মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে এই অঞ্চলের সুপেয় পানি সমস্যা সমাধান, পর্যটন শিল্পের আধুনিকায়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা খাতের আমূল উন্নয়নে আমরা কাজ করব।” তিনি কাপ্তাইবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও দশের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরামের সভাপতি একরাম হোসেন বলেন, এলাকার ব্যবসায়ীরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ। বিজয়ী হলে সামাজিক ও ব্যবসায়িক উন্নয়নে প্রার্থীর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে ব্যবসায়ী সমাজ। পথসভা শেষে বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরাম, বড়ইছড়ি সমাজ ও ছাত্রদলের পক্ষ থেকে দীপেন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় রাঙামাটি জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে এই পথসভাটি সম্পন্ন হয়।