Views: 6
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা এক ব্যতিক্রমী ও সাহসী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে বরগুনা জেলাকে সম্পূর্ণ চাঁদামুক্ত করা হবে এবং কোনো প্রকার অবৈধ চাঁদা আদায় করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার রাতে আমতলী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মোল্লা তাঁর বক্তব্যে উন্নয়নের নতুন রূপরেখা তুলে ধরে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে বরগুনা জেলার যানবাহনগুলো কোনো প্রকার চাঁদা ছাড়াই অবাধে চলাচল করবে। এমনকি জেলার সকল পৌরসভাকে টোলমুক্ত ঘোষণা করা হবে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় হ্রাস পায়।” তিনি আরও যোগ করেন যে, হয়রানিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য। এই পথসভায় অন্তত ১৫ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
আমতলী সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মো. জালাল মৃধার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলার নির্বাচন কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া এবং যুবদল নেতা মেহেদী জামান রাকিব প্রমুখ। বক্তারা বরগুনার উন্নয়নে ধানের শীষের বিজয়ের ওপর গুরুত্বারোপ করেন। পথসভাকে কেন্দ্র করে পুরো আমতলী এলাকায় নির্বাচনী আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।