Views: 0
রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিলাইছড়ি উপজেলার দুর্গম জনপদগুলোতে দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে বিলাইছড়ি বাজারে লিফলেট বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে স্থানীয় বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল ও সাংগঠনিক বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে দীপেন দেওয়ান পাহাড়ের স্থায়ী শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
কর্মসূচির দ্বিতীয় ভাগে প্রার্থী ও তাঁর সফরসঙ্গীরা দুর্গম ধুপ্যাচর, দীঘলছড়ি এবং পাংখোয়া পাড়া এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম হওয়ায় স্পিড বোট ও দীর্ঘ পথ পায়ে হেঁটে চালানো এই প্রচারণা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। বিকেলের দিকে সাক্রাছড়ি মুখ ও বহলতলী গ্রামে গণসংযোগ শেষে কেংড়াছড়ি বাজারে এক বিশাল জনসমাবেশ ও লিফলেট বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সফল সমাপ্তি ঘটে। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক প্রার্থীর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রচারণা ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাবেক প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, অ্যাডভোকেট মো: মাসুম এবং অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গ্যা। এছাড়াও জেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, জেলা যুবদলের আহ্বায়ক নুরুন্নবী, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মো: জাফর আহাম্মদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এই গণসংযোগে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন।