Views: 0
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ এবং এর নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন সংশ্লিষ্টদের অবহিত করতে কাপ্তাইয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুম ‘কিন্নরী’-তে এই সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ প্রায় ৬০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহাদত হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল প্রজেক্টরের মাধ্যমে দেশে ও প্রবাসে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন পদ্ধতি বিষয়ক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। তিনি নির্ধারিত অ্যাপের মাধ্যমে ধাপে ধাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার কৌশল বিস্তারিত ব্যাখ্যা করেন এবং সকল দপ্তর প্রধানকে তাঁদের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন সতর্ক করে বলেন, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিবন্ধনের সময়সীমা আগামী ২৫ ডিসেম্বর শেষ হচ্ছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেন এবং ব্যালট পাঠানোর ক্ষেত্রে ঠিকানা সঠিকভাবে উল্লেখ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে শতভাগ ভোটাধিকার নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয়।