Views: 2
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ, জুলুমবাজ ও চাঁদাবাজদের এ দেশের মাটিতে ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর-৬ আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলামের সমর্থনে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
জনসভায় নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিগত ১৭ বছর ছাত্রশিবির জেল-জুলুম সহ্য করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। যারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট চুরির পরিকল্পনা করছেন, তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই—ছাত্রশিবির যেমন স্বৈরাচার বিদায় দিয়েছে, তেমনি ভোট চুরির চেষ্টাকারীদেরও রুখে দিতে প্রস্তুত। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যারা আমাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলে, তারা প্রমাণ দিতে পারলে আমি দায়িত্ব ছেড়ে দেব। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বিরামপুরকে জেলা ঘোষণা এবং উত্তরবঙ্গের স্বাস্থ্য ও যোগাযোগের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ আসনের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, জয়লাভ করলে বিরামপুর জেলা বাস্তবায়নসহ হিলি স্থলবন্দরকে আধুনিকায়ন করা হবে। এছাড়া হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি এবং ভাদুরীয়া বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের অঙ্গীকার করেন তিনি। সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতা লক্ষ্মণ চন্দ্র রায় বলেন, জামায়াতের শাসনামলে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ থাকে। উপজেলা জামায়াতের আমীর আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।