বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন যাত্রার ডাক সালাহউদ্দিন আহমদের
নিজস্ব প্রতিবেদক, পেকুয়া (কক্সবাজার) / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
ছবি : বাসস

Views: 3

বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করবে এবং দেশে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আজ রোববার বিকেলে জেলার পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক এই মন্ত্রী আরও বলেন, দেশের সাধারণ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে অধিকার আদায়ের জন্য আর কাউকে রক্ত দিতে হবে না।

সালাহউদ্দিন আহমদ নেতাকর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনার প্রশংসা করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারা বাংলাদেশের মতো এই আসনেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভোটের দিন নেতাকর্মীদের করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং চূড়ান্ত ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। বিশেষ করে মা-বোনেরা যেন নির্ভয়ে নিজেদের পরিচয় দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এলাকায় শান্তি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার পরামর্শ দেন। সেই সঙ্গে ভোটকেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম রুখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ প্রদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন ও ডাক্তার বেলাল হায়দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

সূত্র: বাসস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update