Views: 0
আগামী ২৪ জানুয়ারি শনিবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় এক বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরসূচি অনুযায়ী, এদিন তিনি গাইবান্ধা থেকে সড়কপথে সরাসরি বগুড়ায় আগমন করবেন। পথে সকাল ১০টায় বগুড়ার মোকামতলায় একটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তিনি। এরপর বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত প্রধান নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। বগুড়া শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক জানিয়েছেন, আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম সকাল ১০টায় শুরু হবে। মূল অনুষ্ঠানের আগে সকাল সাড়ে ৯টা থেকে জনসভাস্থলে বরেণ্য শিল্পীরা দেশাত্মবোধক ও নির্বাচনী সংগীত পরিবেশন করবেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান জানান, বগুড়ার মূল জনসভা শেষে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে দুপুর ১২টায় শেরপুরে আরেকটি পথসভায় ভাষণ দেবেন আমিরে জামায়াত। এই জনসভা ও পথসভাগুলো সফল করার লক্ষ্যে আজ সোমবার সকালে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার এক যৌথ প্রস্তুতি সভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা আমির মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আব্দুল হক সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল বাসেত এবং শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এবং ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি খন্দকার হাবিবুল্লাহসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় বগুড়া জেলার ১২টি উপজেলার আমির ও সেক্রেটারিগণ উপস্থিত হয়ে জনসভা সফল করতে সাংগঠনিক দিকনির্দেশনা গ্রহণ করেন।